পঞ্চগড়ে ২০৩ কোটি টাকায় হচ্ছে দ্বিতীয় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
ধরলা পোস্ট প্রতিবেদক:
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার খবরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন নদীর দুই পাড়ের বাসিন্দারা। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকল্পটি অনুমোদনের খবর পেয়ে বুধবার বিকেলে স্থানীয়রা মিষ্টি বিতরণ করেন।
বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘দ্বিতীয় করতোয়া সেতু’ নির্মাণ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। তেঁতুলিয়া উপজেলার ভজনপুর থেকে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সড়কের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর নির্মাণ করা হবে সেতুটি। এতে ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।
স্থানীয়রা জানান, করতোয়া নদীর ওপর বর্তমানে কাঠের সেতু দিয়ে দুই পাড়ের মানুষ ও যানবাহন চলাচল করে। প্রতিদিন পারাপারের জন্য জনপ্রতি ১০ টাকা করে দিতে হয়। কাঠের সেতু দিয়ে চলাচলে বিশেষ করে বর্ষাকাল ও ভারী যানবাহন চলাচলের সময় দুর্ভোগ বেড়ে যায়। কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নেওয়া এবং অসুস্থ রোগীদের উপজেলা ও জেলা সদরে চিকিৎসার জন্য নিয়ে যেতেও নানা সমস্যায় পড়তে হয়।
নতুন সেতুটি নির্মাণ হলে নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।
সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে বুধবার বিকেলে মীরগড় এলাকায় স্থানীয়রা একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করেন। এ সময় দুই পাড়ের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
স্থানীয় বাসিন্দা জয় বলেন, ‘দীর্ঘদিন ধরে কাঠের সেতু দিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। বর্ষাকালে ও ভারী যানবাহন চলাচলের সময় বেশি সমস্যা হয়। নতুন সেতু নির্মাণের খবর আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সেতুটি হলে যাতায়াতের কষ্ট অনেকটাই কমে যাবে।’
আরেক সুবিধাভোগী আসিম উদ্দিন বলেন, ‘সেতুটি হলে কৃষিপণ্য সহজেই বাজারে নেওয়া যাবে। পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের জন্য পঞ্চগড় শহরে যাতায়াতও সহজ হবে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় আমরা আনন্দিত।’
পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার আলী বলেন, মীরগড় এলাকায় দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে করতোয়া নদী পারাপারে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। একই সঙ্গে এ সড়কে যানবাহন চলাচল ও পণ্য পরিবহন আরও সহজ হবে।